রাশিয়াতে জরিমানা পরিশোধ করলো ফেসবুক

২০ ডিসেম্বর, ২০২১ ০৮:১৯  
নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় রাশিয়াতে ১৭ মিলিয়ন রুবলস (২ লাখ ২৯ হাজার ৬৪৩ ডলার) জরিমানা পরিশোধ করতে বাধ্য হয়েছে ফেসবুক। তবে সামনে আরও বড় ধরণের জরিমানা হতে পারে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহেই ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আদালতের মুখোমুখি হবে। ধারাবাহিকভাবে রাশিয়ার নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানিকে দেশটির তাদের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করা হতে পারে। ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। গত অক্টোবরে রাশিয়া ফেসবুককে ১৭ মিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়। জরিমানা পরিশোধ করায় রোববার নাগাদ বেইলিফ সার্ভিসের ডেটাবেজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির উপর আর কোনো আইনী পদক্ষেপ পাওয়া যায়নি। এদিকে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবলস জরিমানা হিসেবে পরিশোধ করতে হবে। এ বিষয়ে এখনও টেলিগ্রাম কোনো মন্তব্য করেনি। ডিবিটেক/বিএমটি